গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান মন্তব্য করেছেন যে, সাদিক কায়েম জামায়াতে যোগ দেওয়ার মাধ্যমে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছেন।
আজ বৃহস্পতিবার রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘জুলাইয়ের ৯ দফার মধ্যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য চাপ দেয় শিবির। কিন্তু আব্দুল কাদের সে বিষয়ে সম্মত হয়নি।’
তিনি আরো উল্লেখ করেন যে, আলোচনার ভিত্তিতে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের বিষয়ে একটি দফা সংযুক্ত করা হয়। তবে বর্তমানে শিবিরই সবচেয়ে বড় লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন হিসেবে পরিচিত।
রাশেদ খান বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় ডাকসুর বর্তমান ভিপিসহ ডাকসুর অধিকাংশ নেতারা দাঁড়িপাল্লার পক্ষে খ্যাপ মেরেছে। এখন আবার ডাকসুর ভিপি থাকা অবস্থায় সাদিক কায়েম শিবির থেকে পদত্যাগ করে জামায়াতে যোগদান করেছে।’
তিনি সাদিক কায়েমের পদক্ষেপকে শহীদের রক্তের সাথে বেইমানি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ‘সাদিক কায়েমও জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে।’
রাশেদ খান সাদিক কায়েমকে শিক্ষার্থীদের সাথে প্রতারণার জন্য অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার এবং পদত্যাগ করার আহ্বান জানান।