বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশের এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশের এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে।’ তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকার সবুজ শিল্পায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে। প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি ঋণ ও ত্রাণ সুবিধা চালু এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন।’

তিনি জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, ‘মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’ প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনের সফলতা প্রত্যাশা করে বলেন, ‘বাংলাদেশ আশা করে, এ সম্মেলন থেকে অর্থবহ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে।’

বিজ্ঞাপন