গোপালগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের কারণে গোপালগঞ্জে সহিংসতা ও তাণ্ডবের অভিযোগ উঠেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওইদিন লগি-বইঠা, ঢাল-সড়কী ও দেশীয় অস্ত্র নিয়ে জেলা জুড়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে কভার্ড ভ্যান ভাংচুর, সড়কে টায়ার জ্বালিয়ে আগুন, এবং গাছ কেটে মহাসড়ক অবরোধ সৃষ্টি করেন। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। এর আগে, সোমবার রাতে আতঙ্ক সৃষ্টির জন্য শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করা হয়।