মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ছাত্ররাজনীতির বাস্তবতা নিয়ে সালমান মুক্তাদিরকে নাছিরের বক্তব্য

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন।

ছাত্ররাজনীতির বাস্তবতা নিয়ে সালমান মুক্তাদিরকে নাছিরের বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তাঁর ধারণা নেই।

আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নাছির উদ্দীন নাছির লেখেন, সালমান মুক্তাদিরের একটি বক্তব্য তাঁর গোচরীভূত হয়েছে। মুক্তাদির বলেন, “ছাত্রদলে কোনো ছাত্র নেই।” এই মন্তব্য থেকে নাছির মনে করেন, সালমানের বর্তমান বাস্তবতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেই।

নাছির উদ্দীন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনীতিবিমুখতা সৃষ্টি হয়েছে, তার প্রভাব হয়তো এমন ধারণার জন্ম দিয়েছে। তবে বাস্তবতা হলো, বর্তমানে দেশের দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম চলছে, যেখানে নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী।

তিনি আরও উল্লেখ করেন, বিগত সতের বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরীক্ষার হল ও ক্লাসরুম থেকে ধরে নিয়ে অনেককে নির্যাতন করা হয়েছে। এমনকি কারাগারে বন্দি অবস্থায়ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী পরীক্ষায় অংশ নিয়েছেন।

নাছির বলেন, শিক্ষা ও রাজনৈতিক অধিকার—দুটিই ধরে রাখার জন্য তাঁদের এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই। সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন, যা প্রমাণ করে গণতান্ত্রিক আন্দোলনে তাঁদের অংশগ্রহণ কতটা গভীর।

তিনি সালমান মুক্তাদিরকে বাংলাদেশে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়ে বলেন, “আপনি আপনার পছন্দমতো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসুন। আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আপনাকে স্বাগত জানাবে। তাঁদের সঙ্গে কথা বলুন, বাস্তবতা নিজ চোখে দেখুন।”

বিজ্ঞাপন