দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে হেনস্তার ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার জন্য ভারত সরকারকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার বাসসকে জানান, ভারতীয় কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
কিন্তু দিল্লি বিমানবন্দরে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘এ বিষয়ে পূর্বেই অবহিত করার পরও এ ধরনের ঘটনা ঘটেছে।’
জাহেদ উর রহমান চলতি মাসের শুরুতে আইওআরএ’র একটি বৈঠকে অংশগ্রহণের জন্য দিল্লি আসেন। তবে বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে বিভিন্ন পক্ষের তৎপরতায় তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু তিনি ফিরে আসেন।
এ ঘটনার পর মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, জাহেদ উর রহমান তাঁর ব্যক্তিগত বেসরকারি পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন এবং তাঁর সার্ক ভিসা ছিল। ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের পর যখন জানা যায় তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছেন, তখন তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।