বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে নিয়ে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে উল্লেখ করেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার (২৪ জুন) সাংবাদিকদের জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে পূর্বেই অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।
মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে প্রত্যেক রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সব নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে।
এর আগে, গত মঙ্গলবার (২৩ জুন) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, জাহেদ উর রহমান তার ব্যক্তিগত বেসরকারি পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন এবং তার সার্ক ভিসা ছিল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেন এবং তার সফরের উদ্দেশ্য যে একটি বহুপাক্ষিক বৈঠকে যোগ দেওয়া, সে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
তবে, তিনি নিজ ইচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, জাহেদ উর রহমান ১৪ জুন একটি সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লিতে যান। বিমানবন্দরে তাকে ইমিগ্রেশনের বাধার মুখে পড়তে হয় এবং কয়েক ঘণ্টা বসে থাকার পর তিনি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।
যদিও পরে তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে ততক্ষণে তার ফিরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়।