মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুয়াকাটায় বিরল ‘কিং চান্দা’ মাছ ধরা পড়েছে

কুয়াকাটায় বিরল ‘কিং চান্দা’ মাছ ধরা পড়েছে, যা স্থানীয় বাজারে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

কুয়াকাটায় বিরল ‘কিং চান্দা’ মাছ ধরা পড়েছে

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ, যা স্থানীয়ভাবে ‘কিং চান্দা’ নামে পরিচিত। সোমবার মাছটি মহিপুর মৎস্য মার্কেটে বিক্রির জন্য আনা হলে স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষের ভিড় জমে। মাছটির ওজন তিন কেজি এবং এটি প্রতি কেজি ৭৫০ টাকা দরে মোট ২ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।

স্থানীয় জেলে জামাল জানান, ‘সাগরে প্রতিদিনই বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। তবে এ ধরনের চ্যাপ্টা ও বাদুড়ের মতো দেখতে মাছ সচরাচর দেখা যায় না।’ অন্যদিকে, জেলে রহিম বলেন, ‘গভীর সাগরে মাছ ধরার সময় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ জালে ওঠে, তবে এই মাছটির আকৃতি অন্য মাছের তুলনায় একেবারেই আলাদা।’

মৎস্য ব্যবসায়ী কামাল ব্যাপারী জানান, মাছটির অস্বাভাবিক আকৃতি ও ব্যতিক্রমী গড়নের কারণে বাজারে আসার পর ক্রেতা ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মাছটির আকৃতি দেখে প্রথমে অনেকেই অবাক হয়েছেন।’

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ‘মাছটির বৈজ্ঞানিক নাম প্লাট্যাক্স টেইরা। এটি ব্যাটফিশ বা বাদুর মাছের একটি প্রজাতি। আন্তর্জাতিকভাবে এটি লংফিন ব্যাটফিশ নামে পরিচিত।’ তিনি জানান, ‘বাংলাদেশ মেরিন বায়োডাইভার্সিটি পোর্টালে এ প্রজাতির উপস্থিতি সেন্ট মার্টিন দ্বীপের প্রবালপ্রাচীর-সম্পর্কিত সামুদ্রিক পরিবেশে নথিভুক্ত রয়েছে।’

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, ‘প্লাট্যাক্স ধরনের মাছ সামুদ্রিক পরিবেশের সঙ্গে সম্পর্কিত। তবে কুয়াকাটা উপকূলে ধরা পড়া মাছটি ঠিক কোনো প্রজাতির, তা নিশ্চিত করতে ছবি ও নমুনা পরীক্ষা করে শনাক্ত করা প্রয়োজন।’

মৎস্য-সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গোপসাগরে নিয়মিত নানা প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়লেও অপেক্ষাকৃত কম পরিচিত প্রজাতির মাছের সঠিক পরিচয় ও বৈজ্ঞানিক তথ্য সংরক্ষণ করা জরুরি।

বিজ্ঞাপন