মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ-জাপান হিউম্যান রিসোর্স ম্যাচিং সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ-জাপান হিউম্যান রিসোর্স ম্যাচিং সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশি দক্ষ কর্মীদের জাপানে কর্মসংস্থান নিশ্চিতকরণে আলোচনা।

বাংলাদেশ-জাপান হিউম্যান রিসোর্স ম্যাচিং সেমিনার অনুষ্ঠিত

জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে সোমবার সিজুওকা শহরের ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ-জাপান হিউম্যান রিসোর্স ম্যাচিং সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

জাপানস্থ বাংলাদেশ দূতাবাস এবং জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার কোঅপারেশন অর্গানাইজেশন (JITCO)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তিনি দুই দেশের মধ্যে দীর্ঘকালীন কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করেন।

রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, “জাপানের শিল্প খাতের ক্রমবর্ধমান শ্রম চাহিদা এবং বাংলাদেশের জনসংখ্যাগত সুবিধার সংযোগ ঘটিয়ে দুটি দেশই যৌথভাবে উপকৃত হতে পারে।” তিনি জানান, বর্তমানে বাংলাদেশে ২৫০টিরও বেশি প্রশিক্ষণ কেন্দ্রে তরুণরা জাপানি ভাষা শিখছেন।

সেমিনারে জিটকো (JITCO)-এর সভাপতি শিনজি ওগাওয়া স্বাগত বক্তব্যে বাংলাদেশি কর্মীদের কর্মনিষ্ঠা ও সততার প্রশংসা করেন। তিনি জানান, বর্তমানে জাপানে বাংলাদেশি কর্মীরা বিভিন্ন খাতে সুনামের সাথে কাজ করছেন এবং ভাষা ও দক্ষতার পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সেলর মো: জয়নাল আবেদিন বলেন, জাপানের শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বাংলাদেশি মানবসম্পদ উন্নয়ন এবং জাপানে কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রক্রিয়া জোরদার করার বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে জাপানি তদারকি সংস্থা, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন