রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর কবলে পড়ে নিহত শিক্ষিকা রনজিনা পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মোশারফ হোসেন পনি ওরফে ‘প্যারা পনি’ এবং তার সহযোগী সেড্রিককে গ্রেফতার করেছে র্যাব-২।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের মালিক রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেফতারের সময় প্যারা পনি চিৎকার করে বলেন, এই হত্যাকাণ্ডের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।
হত্যাকাণ্ডের সময় সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের রঙের সাথে র্যাবের উদ্ধার করা মোটরসাইকেলের রঙের অমিল নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তদন্তকারী সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত ও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।
অন্যদিকে, নিহত শিক্ষিকা রনজিনা পারভীনের মরদেহ ময়নাতদন্ত শেষে তার নিজ বাড়ি বগুড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।