ভারতের তেলেঙ্গানা রাজ্যের নালগোন্ডায় নগদ অর্থ লুট ও বিলাসী জীবনযাপনের লোভে প্রধান শিক্ষিকা কাল্লু রুপা রেড্ডিকে (৪৮) হত্যার ঘটনা সামনে এসেছে। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দশম শ্রেণির দুই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
নিহত শিক্ষিকা কোন্ডামাল্লেপল্লির নাগার্জুনা পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা ও পরিচালক ছিলেন। ১২ আগস্ট সকালে তার বাসা থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে তার শরীরে ২৭টি ধারালো ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার সময় তার স্বামী হায়দরাবাদে অবস্থান করছিলেন।
নালগোন্ডা পুলিশের পাঁচটি তদন্ত দল সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক প্রমাণসহ ৮০ জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তে জানা যায়, শিক্ষিকা হত্যার সময় তার ফোনে আত্মীয়ের সাথে কথা বলার সময় তিনি ‘বাবু’ শব্দটি উচ্চারণ করেছিলেন, যা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ সূত্র হয়ে দাঁড়ায়।
পুলিশের তদন্তে দেখা যায়, ঘটনার দিন দশম শ্রেণির পাঁচজন ছাত্র অনুপস্থিত ছিল। তাদের মধ্যে দুইজন হঠাৎ প্রচুর অর্থ খরচ করে বিলাসী জীবনযাপন শুরু করে। বুধবার সকালে ওই দুই ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।
পুলিশ জানায়, পরিকল্পনা অনুযায়ী তারা গ্লাভস ও মাঙ্কি টুপি পরে শিক্ষিকার ঘরে ঢুকে আড়াই লাখ রুপি চুরি করার চেষ্টা করে। তবে টুপি খুলে পরিচয় ফাঁস হয়ে গেলে শিক্ষিকাকে এলোপাতাড়ি ২৭ বার ছুরিকাঘাত করে হত্যা করে।
হত্যার পর তারা রক্তমাখা জামাকাপড় মাটিতে পুঁতে রেখে গোয়ায় প্রমোদভ্রমণে যায়। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে রক্তমাখা ১ লাখ ৫৪ হাজার রুপি, শিক্ষিকার ব্যবহৃত মুঠোফোন এবং লুণ্ঠিত অর্থে কেনা একটি আইফোন উদ্ধার করেছে। তদন্তে আরও জানা গেছে, ঘটনার আগে ছাত্ররা ভিডিও স্ট্রিমিং সাইটে ‘কীভাবে দ্রুত বড়লোক হওয়া যায়’ লিখে অনুসন্ধান করেছিল।