শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মুন্সিগঞ্জে স্বর্ণ নিয়ে বিরোধে আপন ভাই খুন

মুন্সিগঞ্জে স্বর্ণালংকার নিয়ে বিরোধে ফেরিওয়ালা আলমগীরকে হত্যার ঘটনায় গ্রেফতার ৪ জন।

মুন্সিগঞ্জে স্বর্ণ নিয়ে বিরোধে আপন ভাই খুন

মুন্সিগঞ্জে স্বর্ণালংকার নিয়ে বিরোধের জেরে আলমগীর নামের এক ফেরিওয়ালাকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইয়ের তদন্তে জানা যায়, পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ইট দিয়ে মাথা থেঁতলে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) এবং তার স্ত্রী রিনা বেগম (২৪) সহ দুই ভাড়াটে খুনি মো. সাদ্দাম হোসেন (৩৩) ও মো. শফিকুল ইসলাম (৩৩) গ্রেফতার হয়েছেন।

পিবিআই জানায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগরের একটি খড়ের স্তূপ থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ১১ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

তদন্তে জানা গেছে, স্বর্ণালংকার বন্ধক রাখা ও টাকা লেনদেন নিয়ে আলমগীরের সঙ্গে তার ভাই জাহাঙ্গীরের বিরোধ সৃষ্টি হয়, যা হত্যার পরিকল্পনায় পরিণত হয়।

পুলিশের তথ্য মতে, ঘটনার দিন আলমগীরকে বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর পরিকল্পনা অনুযায়ী তাকে মারধর করে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে খড়ের স্তূপের নিচে চাপা দেওয়া হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পিবিআই জানিয়েছে।

বিজ্ঞাপন