শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)।

নিহত শিশুদের বাড়ি একই এলাকায়। তাদের মধ্যে ওজাইফার বাবা আলআমিন, আফসার বাবা মুন্না, রিয়া মনির বাবা জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবা রাকিব। তারা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়, যা তাদের সন্দেহ জাগায়। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন।

সন্ধ্যায় উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, হাসপাতালে আনার আগেই চারজনের মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, শিশুরা পুকুরপাড়ে খেলতে গিয়েছিল। এ সময় একজন পানিতে পড়ে যায় এবং তাকে উদ্ধার করতে গিয়ে অন্য শিশুরাও পানিতে পড়ে যায়।

ওসি আরও জানান, উদ্ধারের সময় দেখা যায়, বড় মেয়েটির পা ধরে ছিল আরও দুই শিশু। তারা একে একে পানিতে তলিয়ে যাওয়ার পর বড় মেয়েটি তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পানিতে পড়ে যায়। এভাবেই চার শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন