শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যায় ১৪ আসামির সাজা ঘোষণা

জামালপুরে চাচা ও ভাতিজাকে হত্যার ঘটনায় ১৪ আসামির সাজা ঘোষণা করেছে আদালত।

জামালপুরে চাচা-ভাতিজা হত্যায় ১৪ আসামির সাজা ঘোষণা

জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন—শাখাওয়াত, সোহেল, আল আমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও ফয়জুর। অন্যদিকে, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন—চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, সুমন, রিফাত ও মোস্তফা। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃতদণ্ডপ্রাপ্তরা ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও পেয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৬ সালের ১৬ মে রাতে মোবাইল ফোনে কল পেয়ে গজারিয়া গ্রামের মহর আলী ও তার ভাতিজা স্বপন বাড়ি থেকে বের হন। অভিযুক্তরা তাদের গান গাওয়ার কথা বলে নিয়ে যায় এবং এরপর তারা আর বাড়ি ফিরে আসেনি।

পরবর্তীতে ১৯ মে স্থানীয় ভানু ফকিরের পাটক্ষেতে দুটি ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। নিহতদের পরিচয় শনাক্ত করেন স্বজনরা। এজাহারে উল্লেখ করা হয়, বিবাদীরা অ্যাসিড দিয়ে তাদের মুখমণ্ডল বিকৃত করে মরদেহ ফেলে রেখে যায়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ১৯ মে সাখাওয়াত, সোহেল, মাফিজুল ও জিয়ারসহ ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় এবং ১৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। বাদীপক্ষ এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

বিজ্ঞাপন