রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চুয়া সেলিম দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে গ্রেপ্তারে র্যাব-২-এর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত চুয়া সেলিমের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে এবং পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।
জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবার নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে র্যাব ও পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়ে আসছে।