মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিতে গিয়ে ভুলক্রমে ভারতীয় সীমান্তে প্রবেশ করা দুই পুলিশ সদস্যকে বিএসএফ ফেরত দিয়েছে। এ ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানাধীন ব্রাহ্মণপাড়া নারায়ণপুর সীমান্তের মেইন পিলার ২০৫৭ এর কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পুলিশ সদস্যরা হলেন রহিত দেওয়ান ও ইমরান হোসেন। পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপি সিও লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্দার সার্কেল এএসপি মো. শাহিন এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন।
কুমিল্লা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান জানান, ‘দায়িত্ব পালন করার সময় পুলিশ সদস্যরা ভুলক্রমে ভারত চলে যান। বিষয়টি জানার পর বিএসএফের সাথে যোগাযোগ করা হয়।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এএসআই ইমরান ও কনস্টেবল রহিত সিএনজিচালিত অটোরিকশায় রাতের দায়িত্ব পালন করছিলেন। এসময় তারা মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিলেন।
মাদক ব্যবসায়ীরা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। একপর্যায়ে ভারতীয় মাদক কারবারিরা দুই পুলিশ সদস্যকে ধরে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয়।