রাজধানীর গুলশান-১ এর ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের কারণে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রেস্টুরেন্টটিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী আরোপিত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানের সময় রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। রান্নার মশলা ও আচার লেবেলবিহীন এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষণ করতে দেখা যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ এবং পানি পরীক্ষার সনদ দেখাতে পারেনি।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া এবং অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।