শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দুর্গাপূজা উদ্‌যাপনে ৩,৪০০ কোস্ট গার্ড সদস্যের নিরাপত্তা ব্যবস্থা

দুর্গাপূজা উদ্‌যাপনে ৩,৪০০ কোস্ট গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা।

দুর্গাপূজা উদ্‌যাপনে ৩,৪০০ কোস্ট গার্ড সদস্যের নিরাপত্তা ব্যবস্থা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

তিনি জানান, দেশের বিভিন্ন উপকূলীয় এলাকার ৬১৫টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৩ হাজার ৪০০ জন কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করেন।

মো. মঈনুল হাসান বলেন, শারদীয় দুর্গাপূজা চলাকালীন দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে কোস্ট গার্ডের সদস্যরা মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন।

তিনি আরও জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সেজন্য কোস্ট গার্ডের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

প্রতিমা বিসর্জন পর্যন্ত নদীতীরবর্তী ও উপকূলীয় অঞ্চলে এই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন