ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে এই উৎসব উদযাপন করতে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
আজ শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। কমিশনার জানান, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
প্রতি মণ্ডপের গুরুত্ব ও দর্শনার্থীদের উপস্থিতি অনুযায়ী, মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে এবং ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সিসি ক্যামেরার মাধ্যমে পূজামণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপের প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে।
এছাড়া, নিয়মিত ডিউটির অতিরিক্ত ২ হাজার ৭২ জন পুলিশ সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন। সন্দেহজনক ব্যক্তি ও বস্তু সম্পর্কে সতর্ক নজরদারি রাখা হবে।
বিজয়া দশমীর দিন বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শোভাযাত্রার পথ ও জনসমাগমের পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে।
ডিএমপি কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে সাইবার মনিটরিং কার্যক্রম জোরদার করার কথাও জানান।
তিনি বলেন, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং নগরবাসীর সম্মিলিত সহযোগিতা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।