শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারত থেকে কেনা ১৮টি নতুন রেলকোচ দেশে পৌঁছেছে

ভারত থেকে ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ দেশে পৌঁছেছে, যেগুলো সৈয়দপুরে পরীক্ষা করা হবে।

ভারত থেকে কেনা ১৮টি নতুন রেলকোচ দেশে পৌঁছেছে

ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে দেশে প্রবেশ করে। প্রকল্প পরিচালক জয়দুল ইসলাম কোচগুলো বুঝে নেন।

রেলওয়ে সূত্র জানায়, দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, শুল্কসংক্রান্ত ছাড়পত্রসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে। নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়া হবে।

সৈয়দপুরে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে। বাংলাদেশের রেলওয়ে বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এগুলো সংগ্রহ করা হচ্ছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে এসেছে চার ধরনের ১৮টি কোচ। প্রথম চালানে থাকা কোচগুলোর মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার, তিনটি এসি চেয়ার, দুটি এসি স্লিপার এবং দুটি এসি পাওয়ার কার অন্তর্ভুক্ত রয়েছে।

পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে। পাকশী রেলওয়ের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, বাংলাদেশে প্রবেশের পর কোচগুলো যাচাই করা হয়েছে এবং প্রাথমিক পরিদর্শনে কোনো ত্রুটি পাওয়া যায়নি। তাঁর ধারণা, বড় ধরনের যান্ত্রিক ত্রুটি ছাড়াই কোচগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

বিজ্ঞাপন