বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের হস্তক্ষেপের কারণে দেশে অস্থিরতা বিরাজ করছে। তিনি রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, 'ভারত বারবার বিভিন্ন দেশে হস্তক্ষেপ না করার কথা বললেও বাংলাদেশে তাদের ইন্ধনে অস্থিরতা তৈরি হচ্ছে। শেখ হাসিনাকে টোপ হিসেবে ব্যবহার করছে ভারত।'
তিনি আরো বলেন, 'ভারত বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করতে চায়। বাংলাদেশের চারপাশে কিছু দেশ আছে যারা ইসরায়েলের মতো আধিপত্যবাদী আচরণ করছে। প্রতিবেশী দেশটি বাংলাদেশকে ফিলিস্তিনের মতো একটি ভূখণ্ড বানানোর চেষ্টা করছে।'
রিজভী অভিযোগ করেন, 'শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী দেশের দক্ষিণাঞ্চল বিচ্ছিন্ন করার অপচেষ্টা করছে।' তিনি সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের কিছু মন্ত্রীর বাংলাদেশ 'দখল করার ঘোষণা' নিয়ে সরকারের কড়া প্রতিবাদ জানানোর আহ্বান জানান।