রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, এই সন্ত্রাস ও নৈরাজ্যে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প, কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার সম্মুখীন হচ্ছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে বলেও উল্লেখ করেন।
রাষ্ট্রপতি রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের প্রসঙ্গে তিনি বলেন, এই আদর্শ পাহাড়ি-সমতল সব গোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সকল নাগরিককে একত্রিত করতে পেরেছে।
তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শই অত্যন্ত বাস্তববাদী।