জার্মানির গেলজেনকির্শেন শহরে একটি শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কান্না করার কারণে ৩১ বছর বয়সী এক নারীকে ২৫ ইউরো বা প্রায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২৫ অক্টোবর, যখন হ্যানা নামের ওই নারী মানসিক চাপের কারণে কিছুটা স্বস্তি পেতে হাঁটতে বের হন। বেঞ্চে বসে ফোনে কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। হ্যানা জানান, তিনি পড়াশোনা ও আর্থিক সংকট নিয়ে চিন্তিত ছিলেন।
পৌরসভার তিন কর্মকর্তা ঘটনাস্থলে এসে জানতে চান, বেঞ্চে খেলতে থাকা দুটি ছেলে তাঁর সন্তান কি না। হ্যানা জানান, ছেলেগুলো তাঁর সন্তান নয়। এরপর তাঁকে জরিমানা করা হয়।
গেলজেনকির্শেন শহরের পৌর আইন অনুযায়ী, শিশুদের খেলার মাঠ কেবল ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য সংরক্ষিত। শিশু ছাড়া প্রাপ্তবয়স্কদের সেখানে অবস্থান করার অনুমতি নেই।
হ্যানা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানবিকতা কোথায়? কাউকে কাঁদতে দেখলে প্রথমেই কি জিজ্ঞেস করা যায় না, আপনি ঠিক আছেন তো?”
স্থানীয় বাসিন্দারাও পৌর কর্মকর্তাদের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন। একজন বাসিন্দা বলেন, “এভাবে জরিমানা করা অযৌক্তিক।” অন্য একজন জানান, তিনি ৬৪ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন এবং কখনো এমন প্রশ্নের সম্মুখীন হননি।
পৌর কর্তৃপক্ষ কর্মকর্তাদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। শহর কাউন্সিলের সদস্য সিমন নোভাক বলেন, “শিশুদের খেলার মাঠ শিশুদের জন্যই।” এদিকে, বেঞ্চে বসার মতো কর্মকাণ্ডের জরিমানা বাড়ানোর প্রস্তাবও আলোচনা করা হচ্ছে।