চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। এই সংখ্যা গত ১৬ বছরের মধ্যে এক বছরে সর্বোচ্চ। সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আত্মহত্যা করা ব্যক্তিদের মধ্যে ১৭ জন গাজা যুদ্ধে নিয়মিত বাহিনী বা রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করেছিলেন। তারা সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর আত্মহত্যা করেন।
এছাড়া, চলতি বছর ইসরায়েলের ৫ পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
হারেৎজ জানায়, যুদ্ধের আগের এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনা আত্মহত্যা করতেন। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত ৭ জন কর্মরত সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২ জন।
বিশেষজ্ঞদের মতে, গাজায় যুদ্ধে অংশ নেয়া সেনাদের মানসিক চাপ এবং চরম অবসাদের মাত্রা নজিরবিহীন।