মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মোসাদের গবেষকরা ইরানে হামলার প্রয়োজন মনে করেন না, প্রধানের ভিন্ন মত

মোসাদের গবেষকরা ইরানে হামলার প্রয়োজন মনে করছেন না, তবে সংস্থার প্রধানের ভিন্ন মত রয়েছে।

মোসাদের গবেষকরা ইরানে হামলার প্রয়োজন মনে করেন না, প্রধানের ভিন্ন মত

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মনে করছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একদল গবেষক। তবে সংস্থাটির প্রধান রোমান গোফম্যান ইরানে হামলার পক্ষে অবস্থান নিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানকে ঘিরে রাজনৈতিক-নিরাপত্তা মহলে সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলে ইরানের হুমকি ও হামলার প্রয়োজনীয়তা নিয়ে ভিন্নমত রয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরও মনে করেন, ইরানে হামলার জন্য এখনই তাড়াহুড়োর প্রয়োজন নেই। তিনি জানান, ইরানের হুমকিগুলো পর্যবেক্ষণে রাখছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটও একই অবস্থান ব্যক্ত করে বলেন, নতুন করে হামলার দিকে না ছুটে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের দিকে নজর দেওয়া উচিত।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তারা ইসরায়েলের নিরাপত্তা হুমকিকে রাজনৈতিক স্বার্থে খাটো করে দেখাচ্ছেন।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদের গবেষকদের মূল্যায়নে এখনই ইরানে হামলার জরুরি প্রয়োজন না থাকলেও গোফম্যান নতুন করে সামরিক অভিযানের পক্ষে প্রচার চালাচ্ছেন।

গোফম্যানের অবস্থানের পেছনে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটনে তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং যৌথভাবে ইরানে হামলা চালানোর পক্ষে মত দেন।

মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধানও গবেষকদের মূল্যায়নের পরিবর্তে গোফম্যানের অবস্থানকে সমর্থন করছেন। গোয়েন্দা বিভাগের প্রধানকে নিয়োগ দিয়েছিলেন গোফম্যান নিজেই।

মোসাদ জানিয়েছে, সংস্থাটির অভ্যন্তরীণ আলোচনায় বিভিন্ন পেশাগত মূল্যায়ন ও ভিন্নমত তুলে ধরার সুযোগ রয়েছে, তবে নির্দিষ্ট কোনো বৈঠক বা আলোচনার বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

বিজ্ঞাপন