সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লন্ডনে খামেনির মালিকানাধীন দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন

লন্ডনে খামেনির মালিকানাধীন দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

লন্ডনে খামেনির মালিকানাধীন দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন

লন্ডনে ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির মালিকানাধীন বলে ধারণা করা দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য তোলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে জানা যায়, এই দুটি ফ্ল্যাট ইসরায়েলি দূতাবাসের খুব কাছে, কেনসিংটনের প্যালেস গ্রিন এলাকায় অবস্থিত।

অ্যাপার্টমেন্ট দুটি ষষ্ঠ ও সপ্তম তলায় অবস্থিত। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো চলতি বছরের শুরুতে এই সম্পত্তিগুলোর মালিকানা ও অবস্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। ২০১৪ ও ২০১৬ সালে আলাদা সময়ে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে অ্যাপার্টমেন্ট দুটি কেনা হয়।

সম্পত্তিগুলোর প্রকৃত মালিকানা নিয়ে সরাসরি কোনো তথ্য প্রকাশ্যে না থাকলেও এগুলো খামেনির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। ডেইলি মেইল-এর এক সন্ত্রাসবাদ ও নিরাপত্তা বিশেষজ্ঞ জানান, অ্যাপার্টমেন্টগুলোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরান ৫০ মিটারেরও কম দূরত্ব থেকে ইসরায়েলি দূতাবাসের পেছনের অংশ দেখতে সক্ষম।

দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ব্যাংকার আলী আনসারির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর অ্যাপার্টমেন্ট দুটি বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। আনসারিকে খামেনির হয়ে সম্পত্তিগুলোর মালিকানা গোপন রাখার জন্য ব্যবহৃত একজন ‘ফ্রন্টম্যান’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

সম্প্রতি আনসারি অ্যাপার্টমেন্টগুলোর বিপরীতে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হন। এরপর ব্রিটিশ সরকার সম্পত্তিগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যাপার্টমেন্ট দুটিতে আলাদা কর্মচারীদের থাকার ব্যবস্থা এবং ব্যক্তিগত ছাদবাগান রয়েছে।

একটি অ্যাপার্টমেন্ট ২০১৬ সালে ১ কোটি ৯০ লাখ পাউন্ডে কেনা হয়েছিল এবং বর্তমানে সেটি ১ কোটি ২০ লাখ পাউন্ডে বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে। অন্য অ্যাপার্টমেন্টটি ২০১৪ সালে ১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার পাউন্ডে কেনা হয়েছিল, তবে এর বিক্রয়মূল্য জানা যায়নি।

ইসরায়েলি দূতাবাসের এত কাছাকাছি এই সম্পত্তিগুলোর অবস্থান এবং এগুলোর সঙ্গে খামেনির সংশ্লিষ্টতার অভিযোগ ব্রিটেনে নিরাপত্তা ও গোয়েন্দা মহলে উদ্বেগের জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন