সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মিশরের টিভি উপস্থাপিকার মৃত্যুদণ্ড, ১২ জনের সাজা নিশ্চিত

মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকা সারা খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড ঘোষণা।

মিশরের টিভি উপস্থাপিকার মৃত্যুদণ্ড, ১২ জনের সাজা নিশ্চিত

মাদক সংক্রান্ত মামলায় মিশরের টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এই সাজা মাদক চোরাচালান ও অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য ছিলেন এবং তারা বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল আমদানি করে সেগুলো দিয়ে মাদক উৎপাদন ও বিক্রির পরিকল্পনা করেছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সারা খলিফার বয়স ৩৯ বছর। তিনি অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’ উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পান। খলিফা নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

খলিফার আইনজীবী জানিয়েছেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা রয়েছে। একই মামলায় আরও ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাতজনকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

গত মাসে মামলার রায় ঘোষণা করা হয়েছিল, তবে মিশরের গ্র্যান্ড মুফতির মতামত নেওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মামলার বিচার চলাকালে অভিযোগ করা হয়েছে, অভিযুক্তদের কাছ থেকে ৭৫০ কেজিরও বেশি মাদক জব্দ করা হয়েছে। ২০ জন সাক্ষী প্রসিকিউশনের কাছে জবানবন্দি দিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ইলেকট্রনিক প্রমাণও উপস্থাপন করা হয়েছে।

মিশরে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছরে মিশরে ৪৯২টি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যার মধ্যে ২৩টি কার্যকর করা হয়।

বিজ্ঞাপন