সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশিসহ ৫৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এই তথ্য প্রকাশ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাদকসংক্রান্ত অপরাধের জন্য সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছরের প্রথমার্ধে মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭১ জনের মধ্যে ৪৯ জন বিদেশি নাগরিক।
সৌদি আরবের বিভিন্ন কারাগারে বহু বিদেশি নাগরিক মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছেন। এছাড়াও, হত্যার অভিযোগে ২৫ জন, রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত মামলায় ৯ জন এবং অন্যান্য অপরাধে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইএসওএইচআর দাবি করেছে, কার্যকর হওয়া ১০৮টি মৃত্যুদণ্ডের মধ্যে ৮৩টি এমন অপরাধে, যেখানে ইচ্ছাকৃত হত্যার ঘটনা ছিল না। সংস্থাটি বিচারপ্রক্রিয়ায় অনিয়ম, দোভাষী ও আইনি সহায়তার অভাব এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছে।