মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ন্যাটো প্রধানের উদ্বেগ, রুশ পারমাণবিক স্যাটেলাইট নিয়ে সতর্কতা

ন্যাটো মহাসচিব মার্ক রুটে রাশিয়ার পারমাণবিক স্যাটেলাইট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ন্যাটো প্রধানের উদ্বেগ, রুশ পারমাণবিক স্যাটেলাইট নিয়ে সতর্কতা

ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি সুরক্ষিত রাখতে জোটটি সবসময় প্রস্তুত রয়েছে। মহাকাশের নিরাপত্তা নিশ্চিত করাও এর অন্তর্ভুক্ত। বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামরিক ক্ষেত্রে প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়মিত মূল্যায়ন করবে ন্যাটো এবং প্রয়োজন অনুযায়ী এসব ব্যবস্থায় পরিবর্তন আনা হবে।

রুটে আরও জানান, যেকোনো হুমকি মোকাবিলায় জোটটির হাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। তবে রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তিনি সর্বশেষ প্রতিবেদনগুলো দেখেননি এবং ‘অজ্ঞাত সূত্রের’ বরাত দিয়ে প্রকাশিত খবরকে গুরুত্ব দেওয়ার মতো বলে মনে করেন না।

বার্লিনে রুশ দূতাবাসও জার্মান সংবাদমাধ্যমগুলোর কাছে পাঠানো বক্তব্যে অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এসব প্রতিবেদন একটি প্রচারাভিযানের অংশ। জার্মান সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সম্ভাব্য স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’ এবং এতে পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, এই স্যাটেলাইট ব্যবহার করে অন্য স্যাটেলাইটের কার্যক্রম ব্যাহত করা কিংবা ধ্বংস করা সম্ভব হতে পারে। বার্লিনের সংবাদ সম্মেলনে উপস্থিত জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এসব প্রতিবেদনের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে তিনি বলেন, এসব প্রতিবেদন থেকে বোঝা যায়, রাশিয়া উত্তেজনা বৃদ্ধির পথে এগোতে প্রস্তুত।

মের্ৎস মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগকে নতুন নয় বলেও উল্লেখ করেন। জার্মান সরকারের মুখপাত্রও প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি, তবে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানান।

ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রধান জোসেফ আশবাখার মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সম্ভাবনাকে ‘চূড়ান্ত দুঃস্বপ্নের পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন। ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি অনুযায়ী, মহাকাশে গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ। তবে বিভিন্ন দেশ মহাকাশে অন্যান্য ধরনের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের স্যাটেলাইটকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা নিয়েও কাজ করছে। ২০২৪ সালে, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, রাশিয়া পারমাণবিক ওয়ারহেডযুক্ত মহাকাশভিত্তিক স্যাটেলাইটবিধ্বংসী অস্ত্র তৈরি করছে। কিন্তু মস্কো সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন