রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার হওয়া মার্কিন সেনা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। ব্রিটিশ সন্ত্রাসবাদবিরোধী পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তিসংক্রান্ত অভিযোগের তদন্ত এখন মার্কিন কর্তৃপক্ষের হাতে রয়েছে। ফলে, ওই কর্মকর্তার বিচার যুক্তরাজ্যে হওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের সামরিক আইনে হতে পারে।
গ্রেফতার হওয়া সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল ব্র্যান্ডন ক্যারল টাইনার। ৪১ বছর বয়সী এই কর্মকর্তা ২০০৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত। গত সপ্তাহে, যুক্তরাজ্যের গ্লুচেস্টারের কাছে তাকে গ্রেফতার করে সন্ত্রাসবাদবিরোধী পুলিশ। টাইনার গ্লুচেস্টারশায়ারের ইনসওর্থে অবস্থিত ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন, যা ন্যাটোর অ্যালাইড র্যাপিড রিঅ্যাকশন কর্পসের সদর দফতর।
গ্রেফতারের সময় টাইনারের কাছে সংবেদনশীল তথ্যের দায়িত্ব ছিল, যা রাশিয়ার হাতে গেলে তা অত্যন্ত ক্ষতিকর হতে পারত। যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তিসংক্রান্ত অভিযোগের তদন্তের অংশ হিসেবে টাইনারকে যুক্তরাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইন-২০২৩-এর ১ ও ৩ ধারায় গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারের পর তাকে লন্ডনে আটক রাখা হয়েছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো সম্পৃক্ততা নেই। তিনি জানান, বিষয়টি তাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়।
যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেইলর জানান, তদন্তের দায়িত্ব মার্কিন অংশীদারদের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এগুলো অত্যন্ত গুরুতর অভিযোগ। এ ধরনের গুপ্তচরবৃত্তির সন্দেহ হলে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
বিবিসির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এমআইফাইভ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের যৌথ সহযোগিতায় দীর্ঘদিন ধরে চলা অভিযানের ফলেই টাইনারকে গ্রেফতার করা হয়। টাইনারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়ে তদন্তকারীরা যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কাছে একটি নথি জমা দিয়েছিলেন।
অবশেষে, টাইনারকে যুক্তরাষ্ট্রের সামরিক হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত হয়, যার অর্থ যুক্তরাজ্যে তার বিচার হবে না। বরং যুক্তরাষ্ট্রের সামরিক বিচারব্যবস্থা, ইউনিফর্ম কোড অব মিলিটারি জাস্টিসের আওতায় তার বিচারপ্রক্রিয়া পরিচালিত হবে। এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল বলেন, ‘আমরা একসঙ্গে জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি শনাক্ত করেছি এবং দ্রুত ব্যবস্থা নিয়েছি।’