দুই মাস ধরে থামছে না ফ্রান্সের বিক্ষোভ। জীবনযাত্রার বাড়তি খরচ এবং ধনী-গরিবের আয় বৈষম্যের বিরুদ্ধে প্যারিস ও নঁতে শহরে আন্দোলনে নেমেছেন কয়েক হাজার বাসিন্দা।
শ্রমিক, শিক্ষার্থী এবং ইউনিয়ন নেতারা ন্যূনতম মজুরি ও বেতন বাড়ানোর দাবি জানাচ্ছেন। আগামী জানুয়ারিতে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ন্যূনতম মজুরি বৃদ্ধির পরিকল্পনা থাকলেও সরকার তা ডিসেম্বরেই দেড় হাজার ইউরো বাড়ানোর ঘোষণা দিয়েছে।
তবে ইউনিয়নগুলোর দাবি, সরকারের প্রস্তাবিত ন্যূনতম মজুরি বৃদ্ধি আন্দোলন থামানোর জন্য যথেষ্ট নয়। তারা আরও দাবি করছেন, জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সেপ্টেম্বরে স্কুল সংস্কার, শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন জীবনযাত্রার ব্যয় ও কম মজুরির বিরুদ্ধে বৃহত্তর বিক্ষোভে রূপ নিয়েছে।
এদিকে, আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। উচ্চ টিউশন ফি, শিক্ষা সংস্কার এবং জীবনযাত্রার বাড়তি খরচের প্রতিবাদে হাজারো শিক্ষার্থী ও শিক্ষক রাস্তায় নেমেছেন।