ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে একটি দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঢাকাগামী লেনে এই ঘটনাটি ঘটে।
নিহত পথচারী হৃদয় শেখ ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে, এবং মোটরসাইকেল চালক সাকিব শেখ নগরকান্দা উপজেলার পৌরসদরের এনায়েত শেখের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহান জানান, নগরকান্দা থেকে সাকিব দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হৃদয় রাস্তা পারাপারের চেষ্টা করলে সাকিব তাকে ধাক্কা দেন।
এ দুর্ঘটনায় সাকিব মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুইজনের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে।
আইনি কার্যক্রম শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান উপপরিদর্শক।