খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ রেজাউর রহমান জানান, ১০-১২ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে মঞ্জুরুলের উপর গুলিবর্ষণ করে এবং এলোপাতাড়ি কোপায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে।
নিহত মঞ্জুরুল ওই এলাকার বাসিন্দা স্বপনের ছেলে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশাররফ হোসেন জানান, নিহত মঞ্জুরুল সেন্টারিংয়ের কাজ করেন এবং গতকাল কাজে যাননি। সন্ধ্যায় তিনি বন্ধুদের সাথে ফুটবল খেলছিলেন।
এলাকাবাসী মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।