নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের কর্মচারীদের সঙ্গে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এই সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাসে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে বিআরটিসি কাউন্টার ও স্থানীয় বাস কাউন্টারের কর্মচারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর পর বুধবার দুপুরে গোল্ডেন লাইন বাস, পাবনা এক্সপ্রেস বাস ও নাটোর জেলা বাস মালিক সমিতির শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়, যা পরে সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষের ফলে পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করা হয় এবং বাইপাস মোড়ের চায়ের স্টলের চেয়ার ও বেঞ্চও ক্ষতিগ্রস্ত হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরো জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় শান্তি পুনঃস্থাপন করা হয়েছে।