গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন উজ্জ্বল মোল্লা (৪০) এবং তার সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল।
এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের বিলাসবহুল মাইক্রবাসটিও জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে সেগুলো গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ী উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগে মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।