কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় এক নারী আসামিকে ৮ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার এই রায় ঘোষণা করেন বিচারক খাইরুন নেছা।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু ওরফে সামাদ ওরফে রাজীব এবং মোহাম্মদ দুরুল হুদা ওরফে হাসান। এছাড়া, দুরুল হুদার স্ত্রী খালেদা আক্তার রানীকেও সাজা প্রদান করা হয়েছে। আদালতের পিপি কাইমুল হক রিংকু এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা শহরের বিষ্ণুপুর এলাকায় র্যাবের অভিযানে মোস্তাফিজুর রহমান ও খালেদা আক্তার রানীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে দুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। তারা জানান, জেএমবির শূরা সদস্য খালেদ সাইফুল্লাহসহ তারা বিষ্ণুপুরের একটি বাড়িতে বোমা তৈরির সরঞ্জাম মজুত করেন।
বিচারিক কার্যক্রমে মোট ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের পুলিশ পাহারায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এছাড়া, মামলার দণ্ডপ্রাপ্ত আসামি খালেদ সাইফুল্লাহ একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড হওয়ায় তার বিষয়ে কোনো আদেশ হয়নি বলে জানান অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।