নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রাহাত হাসান (০৬) ও নাফিস (০৩) নামের দুই শিশু রয়েছে।
আজ সকালে পূর্বধলা উপজেলার কাঁদাপাড়া গ্রামে শফিকুল ইসলামের ছেলে রাহাত পানিতে ডুবে মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাহাত বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পরিবারের অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির পর উদ্ধার করেন, কিন্তু ততক্ষণে সে মারা যায়।
অন্যদিকে, আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামে রিপন মিয়ার ছেলে নাফিসও পুকুরে ডুবে মারা যায়। সকাল ১১টার দিকে নাফিস বাড়ির উঠানে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। তার স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৌশিক দাস জানান, হাসপাতালে আনার আগেই নাফিস মারা গেছে।