রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মানিকগঞ্জে স্বর্ণ-রুপা ছিনতাই, আহত ৩ জন

মানিকগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ-রুপা ছিনতাইয়ের ঘটনায় আহত ৩ জন।

মানিকগঞ্জে স্বর্ণ-রুপা ছিনতাই, আহত ৩ জন

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ও রূপা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পালপাড়া লোকনাথ মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল (৭৩), তার ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং প্রতিবেশী মনোরঞ্জন পাল (৫০) আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পতিত পবন শীল ও তার ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।

পথে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে তারা রড দিয়ে আঘাত করে তাদের সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া মালামালের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ এবং নগদ ৮৫ হাজার টাকা রয়েছে।

আহতদের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল এগিয়ে এলে তাকেও আঘাত করে ছিনতাইকারীরা। পরে তারা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মানিকগঞ্জ সদর থানার এসআই সাঈদ হোসেন জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ছিনতাইকারীর সংখ্যা ৩ থেকে ৪ জন ছিল। ঘটনার সময় বাজি ফাটার মতো শব্দ শোনা যায় এবং পরে ঘটনাস্থল থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন