শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

নরসিংদী রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু।

নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে মো. আমীর হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক নরসিংদী সদর উপজেলার নগর বানিয়াদী এলাকার মৃত সামসুল হকের ছেলে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমীর বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেল্লা শাহের মাজারে গিয়েছিলেন। শুক্রবার সকালে তারা তিতাস কমিউটারের ছাদে উঠে ফিরছিলেন।

সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে অনেক যাত্রী ছাদ থেকে নামছিলেন। এ সময় ট্রেন পুনরায় চলতে শুরু করলে আমীর হোসেন তাড়াহুড়ো করে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এবং ট্রেনের দুই বগির মাঝে পড়ে যান।

দুর্ঘটনার পর উপস্থিত লোকজনের সহায়তায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফরিদা গুলশানারা কবির জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

আমীরের বন্ধু আক্রাম হোসেন বলেন, ‘আমরা তিন বন্ধু একসঙ্গে কেল্লা শাহের মাজারে গিয়েছিলাম। নরসিংদী আসার পর দুজন ছাদ থেকে নামতে পারলেও আমীর পারেনি।’

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন