নেত্রকোণার কলমাকান্দায় একটি কবরস্থান নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আমগড়া বাজারের পাশে অবস্থিত কবরস্থানটি দীর্ঘ ৬০ থেকে ৭০ বছর ধরে পোনেশ্বর-আমগড়া কবরস্থান হিসেবে পরিচিত। সম্প্রতি একটি পক্ষ দাবি করেছে যে, কবরস্থানের নাম সার্বজনীন গোরস্থান করা উচিত, কারণ এখানে বিভিন্ন গ্রামের মানুষের দাফন করা হয়।
কবরস্থানের নামকরণের এই বিরোধ বেশ কিছুদিন ধরে চলছিল। আজ সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আমগড়া বাজারে বেশকিছু দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় আমগড়া ও নল্লাপাড়া গ্রামের লোকজন পোনেশ্বর হররামের ওপর হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান।
কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।