ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদকের টাকার জন্য বিরোধের জেরে মা শখের বানুকে (৫৭) নৃশংসভাবে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতের দিকে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইখলাসুর রহমান দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করত এবং মাদকের টাকার জন্য প্রায়ই তার মা শখের বানুর সাথে তীব্র বাগবিতণ্ডায় লিপ্ত হতো। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করলে, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
ভোররাতে ছেলে ইখলাসুর মায়ের শোবার ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সেবনের টাকা নিয়ে বিরোধের জেরেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনার পর পুলিশ অভিযানে নেমে ঘাতক ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।