রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মানিকগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ও টাকা ছিনতাই, আহত ৩

মানিকগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন আহত হয়েছে।

মানিকগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ও টাকা ছিনতাই, আহত ৩

মানিকগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল ও তাঁর ছেলে প্রবীর কুমার শীল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে হামলা চালায়।

দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তাঁদের ওপর আঘাত করে এবং সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাবা-ছেলের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাঁর ওপরও হামলা চালায়।

একপর্যায়ে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের মধ্যে রয়েছেন পতিত পবন শীল (৭৩), তাঁর ছেলে প্রবীর কুমার শীল (৩২) এবং মনোরঞ্জন পাল (৫০)।

ভুক্তভোগীদের দাবি, ছিনতাইকারীরা প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ এবং নগদ ৮৫ হাজার টাকা নিয়ে গেছে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ঘটনাস্থল থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন