মুন্সিগঞ্জের গজারিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে একটি সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মো. শামীম সৌরভ (৩২), বরগুনার আমতলীর মো. শাকিব ওরফে শাকিল (২৪), নারায়ণগঞ্জের বন্দরের মো. হাবিবুর (৪০) এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর মো. কাশেম ঢালী (৫০)।
পুলিশ সুপার জানান, গত ১৯ আগস্ট বিকেলে গজারিয়া থানার চরবাউশিয়া এলাকায় অভিযান পরিচালনার সময় একটি অটোরিকশায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। তাদের কাছে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখতে পেয়ে পুলিশ সদস্যরা তাদের পরিচয় জানতে চান। এ সময় তারা নিজেদের পুলিশ সদস্য বলে দাবি করলেও পরিচয়পত্র দেখাতে পারেননি।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় ব্যবহার করে অটোরিকশাচালকদের সঙ্গে প্রতারণা করতেন। হ্যান্ডকাফ ও ওয়াকিটকি প্রদর্শনের মাধ্যমে চালকদের ভয়ভীতি দেখিয়ে অটোরিকশা নিয়ে যেতেন।
পুলিশ সুপার আরও জানান, চক্রটির আরও সদস্য জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভুয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে প্রতারণা ঠেকাতে মানুষকে সতর্ক থাকতে হবে।