ঝিনাইদহে এক মেসে বাজার করার বিষয়ে বাকবিতণ্ডার জেরে রুমমেটের ছুরিকাঘাতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মহিলা কলেজপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী কাউসার আলী (২১) হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা এবং ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র। অপরদিকে, অভিযুক্ত রুমমেট লিখন, যিনি বাড়িবাথান মাদরাসার দশম শ্রেণির ছাত্র, সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা যায়, সন্ধ্যার সময় মেসের বাজার নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কাউসার আলী লিখনকে থাপ্পড় দিলে ক্ষিপ্ত হয়ে লিখন একটি ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করে। এই ঘটনার সময় উভয়ের মধ্যে হাতাহাতির ফলে লিখনও আহত হন।
পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। লিখনকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং অভিযুক্ত লিখন ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।