শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে ব্যবসায়ী হত্যা মামলার আসামি কিশোর গ্যাং নেতা গ্রেফতার

নোয়াখালীতে ব্যবসায়ী কামাল হোসেন হত্যা মামলার আসামি কিশোর গ্যাং নেতা মো. রনি গ্রেফতার হয়েছে।

নোয়াখালীতে ব্যবসায়ী হত্যা মামলার আসামি কিশোর গ্যাং নেতা গ্রেফতার

নোয়াখালী সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের মারধরে কামাল হোসেন নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আসামি মো. রনি (২৪) গ্রেফতার হয়েছে। র‍্যাব-১১ এর কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, রনিকে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের লচি সর্দার বাড়ির পিছনে জুয়া খেলছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। ফরহাদ (২৭) নামের এক যুবক তাদের স্থান ত্যাগ করতে বলেন, এতে ক্ষুব্ধ হয়ে তারা ফরহাদের উপর হামলা চালায়।

ফরহাদের ভাতিজার চিৎকারে কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে ফরহাদকে বাঁচানোর চেষ্টা করেন। তখন কিশোর গ্যাং সদস্যরা কামালকে এলোপাতাড়ি মারধর করে, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত কামালের স্ত্রী সেলিনা আক্তার (৩৮) বাদী হয়ে মামলা দায়ের করেন। র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন