চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে পুলিশ শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ফেনী সদর উপজেলার ইবনে জাহিদ (৩৪) এবং সোনাগাজী উপজেলার সালাহ উদ্দিন আকবর (৪৪)।
পুলিশের অনুসন্ধানে জানা যায়, তারা যাত্রীবেশে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সীমান্তঘেঁষা খাগড়াছড়ি-বারইয়ারহাট আঞ্চলিক সড়ক দিয়ে অস্ত্র নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
তল্লাশির সময় শান্তি পরিবহনের বাসে অস্ত্রসহ তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, অস্ত্র চালান চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।