নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুইজনের মধ্যে পাশা (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি ৮৭ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। শুক্রবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এ ঘটনায় পাশা ও রঞ্জিত (৪৫) নামের অপর এক ব্যক্তি দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। রঞ্জিত এখনও চিকিৎসাধীন রয়েছেন, তাঁর শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার পাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গেছে এবং শ্বাসনালির ক্ষতির কারণে ইনহেলেশন ইনজুরি হয়েছে।