নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে ইটাখোলা-কটিয়াদি সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া।
নিহত মিনারা বেগম (৬০) মনোহরদী উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। আহত যাত্রীদের মধ্যে রয়েছেন সৌরভ (২৭), জান্নাতুল (০৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদী দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মিনারা বেগম মারা যান এবং আহতদের স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাসহ মরদেহ উদ্ধার করে।