নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে জমে থাকা গ্যাসে চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক নারীসহ চার গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন।
আজ শনিবার ভোর ৪টার দিকে ফতুল্লা থানাধীন সরদারবাড়ি মসজিদ এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুজনের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন শাহীন আলম (৩০), সাহেদ আলী (২৫), মো. হোসেন (২৪) এবং লীমা বেগম (২৬)। তাদের চিকিৎসার জন্য সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, শাহীন আলমের শরীরের ৬৭ শতাংশ, লীমা বেগমের ৪৫ শতাংশ, মো. হোসেনের ১২ শতাংশ এবং সাহেদ আলীর ৩ শতাংশ দগ্ধ হয়েছে।
ডা. হারুনুর রশিদ আরও বলেন, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় শাহীন ও লীমাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। অন্য দুজনের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আত্মীয় মিজান জানান, শনিবার ভোর ৪টার দিকে রান্নাঘরে চুলা জ্বালানোর সময় হঠাৎ আগুন ধরে যায়। তাদের ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমে ছিল এবং চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে সেই গ্যাসে আগুন ধরে এই দুর্ঘটনা ঘটে।