রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধূ সাবা (৩০) মারা গেছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
একই ঘটনায় দগ্ধ তাঁর দেড় বছর বয়সী শিশুসন্তান আরএস রহমানের অবস্থাও আশঙ্কাজনক। শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, রহমানসহ আরও তিনজনের অবস্থাও গুরুতর।
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে। কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়, যাতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অন্যদের মধ্যে আবদুর রহমান (২৯), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০) রয়েছেন।
আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের তিনজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা জানান, শিশুসন্তান রহমানসহ চিকিৎসাধীন তিনজনের অবস্থার উন্নতি নিশ্চিত করতে সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।