রাজধানীর কাঠালবাগানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে কাঞ্চন টাওয়ার নামের ১০ তলা ভবনের ৪র্থ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার ১১ মিনিটের মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই তিনজন দগ্ধ হন। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিদগ্ধ ৫ জন রোগী তাদের ইনস্টিটিউটে চিকিৎসার জন্য এসেছেন।
তিনি বলেন, "তাদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহত সকল রোগীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।"